সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল সাড়ে ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
এখানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোর ঈদের জামাতও মসজিদে হবে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে ঈদুল আজহার জামাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদ কমিটিকে অনুরোধ করা হয়েছে।
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।
এ ছাড়াও সকাল সাড়ে ৭টায় চসিকের লালদীঘি শাহী জামে মসজিদে, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদে, হজরত শেখ ফরিদ চশমা মসজিদে, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ ও চসিক মা আয়েশা জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
চসিকের কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৪১ ওয়ার্ডে একটি করে প্রধান ঈদ জামাত স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সব মুসল্লিকে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সিটি কর্পোরেশন থেকে মসজিদ কমিটিগুলোকে কিছু স্বাস্থ্য বিধি মেনে জামাতের আয়োজন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- নামাজের আগে জীবানুনাশক ছিটানো, মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ নিয়ে আসা ও বাসা থেকে ওজু করে আসার জন্য উদ্বুদ্ধ করা।








