নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে এবারও হচ্ছে না জন্মাষ্টমীর শোভাযাত্রা

সিপ্লাস ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা এবারও আয়োজন করা হবে না চট্টগ্রামে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জন্মাষ্টমী উদযাপন পরিষদ গতবছরের মতো এবারও একই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক করোনা মহামারির কারণে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শোভাযাত্রা আয়োজন করা হবে না। শুধুমাত্র ধর্মীয় বিধি অনুযায়ী পূজা-অর্চনা হবে।

এ বিষয়ে জানতে পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সাথে সিপ্লাস প্রতিবেদক ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন উৎসব আয়োজনের খরচের অর্থ দিয়ে এইবার ত্রান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। বিভিন্ন মঠ-মন্দির ও অনাথালয়ে খাদ্যসামগ্রীও বিতরণ করা হবে। জন্মাষ্টমী উদযাপন পরিষদের জরুরি সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নগরীর জে এম সেন হল প্রাঙ্গনে সংগঠনের প্রধান কার্যালয়ে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে অংশ নেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রাসহ কোন রকম আয়োজন ছাড়াই শুধু ধর্মীয় বিধি মোতাবেক পূজা-অর্চনার মধ্যে পালিত হবে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জন্মাষ্টমী উৎসবের পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, সারাদেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা কমিটি ও আঞ্চলিক কমিটির সম্মেলন হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া এবার জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে বিভিন্ন মঠ-মন্দির ও অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। রতন আচার্য্যরে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদ কর্মকর্তা পরেশ চৌধুরী, চন্দন দাশ, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, আশীষ চৌধুরী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অমিত চৌধুরী, সলিল গুহ, লায়ন শংকর সেনগুপ্ত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক প্রমুখ।

সভার শুরুতে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা এবং করোনা মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করা হয়।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ৩৮ বছর ধরে চট্টগ্রামে শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন হয়ে আসছিল। বিগত বছরগুলোতে চট্টগ্রামে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রীয় ও বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু করোনার কারণে গতবছর থেকে এই আয়োজনে ছন্দপতন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here