সিপ্লাস ডেস্কঃ চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরেই লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের পরিমাণ অনেক কমে গেছে। অবশ্য এই ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে কম।এই ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোটে ১৭৮৩টি। তবে এই পরীক্ষা কমে যাওয়াকে ইতিবাচক পরিবর্তনই বলছেন করোনা টেস্ট সংশ্লিষ্টরা। তারা বলছেন, টেস্ট করাতে আসা মানুষের চাপ কমায় নমুনা পরীক্ষাও কম হচ্ছে।
করোনার নমুনা পরীক্ষার কারণ সম্পর্কে জানতে চাইলে নগরের অন্যতম করোনা পরীক্ষা কেন্দ্র বিআইটিআইডির নির্ভরযোগ্য একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষের টেস্ট করতে আসার পরিমাণ কমেছে। এমন না যে, কিট কম থাকায় বা অন্য কারণে টেস্ট কম হচ্ছে। আগে যেখানে বিশাল লাইন থাকতো সেখানে এখন লাইনে ৩০-৪০ জন থাকে। শনাক্তের হারও কমেছে। এটাকে ইতিবাচক বলেই মনে হচ্ছে। পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে বলেই আমাদের ধারণা। আরও দুয়েকদিন পার হলে পরিস্থিতি আরো ভালভাবে বোঝা যাবে।’
মঙ্গলবার (১৬ আগস্ট) মধ্যরাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী সোমবার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ২৩০ জনের মধ্যে ১৬৪ জন নগরের আর ৬৭ জন বিভিন্ন উপজেলার। এই সময়ে মারা যাওয়া ৭ জনের ৫ জনই বিভিন্ন উপজেলার।
এর মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫ হাজার ৪৪ জনে। যার মধ্যে ৬৮ হাজার ৭৭৫ জন নগরের এবং ২৫ হাজার ২৬৯ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জন সহ চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১২৮ জনে। যার মধ্যে ৬৪৯ জন নগরের ও ৪৭৯ জন উপজেলার।
করোনা হাসপাতাল থেকেও পরিস্থিতি উন্নতির পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন হাতে গোনা অল্প কয়েকজন। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন ২২ জন। এই মুহূর্তে হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ড,আইসিইউ ওয়ার্ডেও শয্যা খালি আছে ।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রোগী আছে ১৭০ জন। অথচ দুদিন আগেও যা ছিল ১৮১। অন্যদিকে আইসিইউতে ১৭ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৬টি শয্যায়।

