সিপ্লাস প্রতিবেদক: শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। চট্টগ্রাম মেডিকেল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। অক্টোবর-নভেম্বর মাসে গড়ে আক্রান্ত হত ৪০ থেকে ৫০ জন। এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে দেড় শতাধিক।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী সিপ্লাস কে জানান – গত অক্টোবরের পর থেকে শনাক্তের হার বেশি। আগে শনাক্তের হার ১০ শতাংশের নিচে থাকলেও বর্তমানে তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ওঠানামা করে। মাঝে দুই থেকে এক দিন ১৯ শতাংশ পর্যন্ত ছিল। তবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে বেশি সংক্রমণ হচ্ছে। এছাড়াও শিশুদের সংক্রমণের হার হচ্ছে ২ শতাংশ।
তিনি বলেন, যেহেতু করোনা সংক্রমণের হার বেড়েছে স্বাভাবিকভাবেই হাসপাতাল গুলোতে রোগী ভর্তির হারও বেশি, তবে মৃত্যুর হার কম এবং ভয়াবহতাও কম।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে করোনা বিশেষায়িত ওয়ার্ডে রোগী ভর্তির হার বেশি হলেও সুস্থ হয়ে ডিসচার্জের সংখ্যাও কম নয়। সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৭৫ জন,এরমধ্যে আই সি ইউ তে রয়েছেন চারজন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছে ৫৮ জন এবং ফৌজদারহাট বিআইটিআইডি তে রয়েছেন ৮ জন করোনা রোগী।
উল্লেখ্য চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৪৭জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৪১০ জন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১হাজার ২৫৫টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৩৩ জন এবং উপজেলার ১৪ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৯টি নমুনা পরীক্ষায় ১৭ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষায় ৫জনের এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা হলেও কারো করোনা শনাক্ত হয়নি।








