Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়েই চলছে: ২৪ঘন্টায় মৃত্যু ৯, শনাক্ত ২২৮

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এসময়ে আরও ২২৮জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ৪২৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৪৪ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২০৪ জন এবং উপজেলার ২৪ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষায় ৫২জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১০জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারী শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনা পরীক্ষায় ৭৯জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ২৭জনের এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।