Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে করোনা চিকিৎসায় যুক্ত হলেন ৭১ চিকিৎসক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে নতুন যোগ দেওয়া ৭১ জন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার দুপুরে নতুন যোগ দেওয়া চিকিৎসকদের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৯তম বিসিএসের ৭১ জন নতুন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নবাগত চিকিৎসকরা আপাতত করোনাভাইরাসে আক্রান্ত  ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন।

“তারা প্রথম অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি, সিভাসু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ যেসব হাসপাতালে সরকারিভাবে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে সেখানে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে যোগ দেবেন।”

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে বিআইটিআইডিতে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষাও করা হয়।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য একটি আইসোলেশন সেল প্রস্তুত করা হয়েছে। সেখানে স্থাপিত নতুন ল্যাবে এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়েও (সিভাসু) কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করা হয়।

নতুন যোগ দেওয়া চিকিৎসকদের আর্ত মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান সিভিল সার্জন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পার্সন ডা. মো. নুরুল হায়দার।

উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা লাক্রাইন চাক, জেলা পাবলিক হেলথ নার্স ছবি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া কয়েকজন চিকিৎসক তাদের অনুভূতি ব্যক্ত করেন।