নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে কলেজ শিক্ষকের বাসায় চুরি: গ্রেপ্তার ৪

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে এক কলেজ শিক্ষকের বাসায় চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন (৩২), মো. ইমরান (২০), মো. জুয়েল (২০) ও আশরাফুল ইসলাম সোহেল ওরফে বাবু (১৯)।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ১৮ এপ্রিল বিকালে বাকলিয়া হাজী ইমাম শরীফ লেইনে এক কলেজ শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরের দল বাসাটি থেকে সাড়ে ছয় ভরি স্বর্ণ ও ইমিটেশনের অলংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

“অভিযোগ পাওয়ার পর ওই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি করা অলংকারগুলো উদ্ধার করা হয়েছে।”

ওসি নেজাম উদ্দিন বলেন, “গ্রেপ্তার চারজন একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং কোন বাসাটি তালাবদ্ধ আছে সেটি শনাক্ত করে। পরে সুবিধাজনক সময়ে ওই বাসায় গিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।”

তিনি জানান, বাঁশখালীর নজির আহম্মদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হুমায়ুন কবির পরিবার নিয়ে থাকেন বাকলিয়ার বাসাটিতে। দেশব্যাপী লকডাউনের কারণে ২৫ মার্চ থেকেই বাসায় তালা দিয়ে ওই কলেজ শিক্ষক পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

চোরের দল ১৮ এপ্রিল বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তার বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে বিভিন্ন ধরনের প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও ইমিটেশনের অলঙ্কার চুরি করে।

চুরি করা অলঙ্কারগুলো গ্রেপ্তার হওয়ার চার জন নিজেদের মধ্যে ভাগাভাগি করে হেফাজতে রেখেছিল বলে জানান ওসি।

অলঙ্কারের পাশাপাশি তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামগুলোও উদ্ধার করা হয়েছে।