সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন সন্দেহে এক নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বুধবার বলেন, একজন রোগী পাওয়া গেছে যাকে ব্ল্যাক ফাংগাসের সন্দেহজনক রোগী বলা হচ্ছে।
ওই নারী কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন। সেরে উঠে বাড়ি যাওয়ার পর আবারো অসুস্থ হলে তাকে হাসপাতালে ফেরত আনা হয়।
ওই নারীর পরিবার সূত্র জানা যায়, গত ২৫ জুন তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পর ৩ জুলাই কোভিড ১৯ পজিটিভ হন। ১৫ জুলাই কোভিড সারলেও তার বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা দেয়।
ওই নারীর স্বামী পাঁচদিন আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওই নারীর চিকিৎসায় সংশ্লিষ্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল বলেন, তার ফাংগাল ইনফেকশন হয়েছে। মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে ধারণা করছি।
পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারপর নিশ্চিত হওয়া যাবে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কি না?
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আতঙ্ক দেখা দিয়েছিল কালো ছত্রাক বা ব্ল্যাক ফাংগাস হিসাবে পরিচিত ‘মিউকরমাইকোসিস’।
এই ছত্রাক সাইনাস, মস্তিস্ক ও ফুসফুসে আক্রমণ করে। ডায়াবেটিস, এইডস বা ক্যান্সারে যারা আক্রান্ত, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণভাবে দুর্বল তাদের ক্ষেত্রে প্রানঘাতি হয়ে উঠতে পারে।
এতে আক্রান্তদের মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মুখের একপাশ ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া বা চোখে ব্যথা করা, চোখের পাপড়ি ঝরে পড়া, ঝাপসা দেখা এবং এক পর্যায়ে দৃষ্টি হারানোর মতো উপসর্গও দেখা দিতে পারে।








