নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত দুই অর্থবছরে হতদরিদ্র রোগীরা পেয়েছেন ১১ কোটি টাকা

হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দিচ্ছে সরকার

চট্টগ্রামে গত দুই অর্থবছরে হতদরিদ্র রোগীরা পেয়েছেন ১১ কোটি টাকা

জিয়াউল হক ইমন: অর্থের অভাবে নানা জটিল রোগে আক্রান্ত অনেক দরিদ্র রোগী ধুঁকে ধুঁকে মারা যায়, পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে রোগীর পরিবার নিঃস্ব হয়ে পড়ে।

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার।

২০১৩-১৪ অর্থ বছর থেকে শুরু হওয়া সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলায় ক্যান্সার/কিডনী তহবিল অধীনে গত ২০১৯-২০ ও ২০-২১ অর্থ বছরে ২১৭৯ জন রোগী দশ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা পেয়েছেন।

অথচ চট্টগ্রামে নানা জটিল রোগে আক্রান্ত অনেক হত দরিদ্র থাকলেও তারা জানেনা সরকারী এই সুবিধার কথা।

বুধবার(২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ও ক্যান্সার ওয়ার্ডে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের থেকে জানতে চাইলে অনেকে সরকার প্রদত্ত আর্থিক সহযোগিতার বিষয়ে কিছুই জানেনা।

তবে সিপ্লাসের মাধ্যেকে খবরটি শোনার পর অনেকে চিকিৎসার জন্য সরকারী এই অনুদান পেতে আবেদন করার কথা জানান।

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সিপ্লাসকে বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০১৩-১৪ অর্থ বছর হতে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও চালু রয়েছে।

৬টি রোগে আক্রান্ত গরীব রোগীদের সনাক্ত করে সমাজসেবা অধিদফতরের জনবল, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতায় প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের সরকারী আর্থিক অনুদান প্রদান বাস্তবায়ন করা হচ্ছে।

গরীব রোগীদের জন প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এর মাধ্যমে আক্রান্ত রোগীর পরিবারের ব্যয়ভার বহনে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হয়। এমনকি কেউ এক অর্থবছরে টাকা পেয়েও সুস্থ না হলে পরবর্তী অর্থবছরেও আবেদন করে টাকা পেতে পারেন বলে জানান উপ-পরিচালক।

যদি আবেদন করতে কারো সমস্যা হয় সরাসরি নগরীর মুরাদপুর এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে যেকোন হতদরিদ্র রোগী সরকারী আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের ওয়েব সাইট www.dss.gov.bd তে আছে বিস্তারিত।

চিকিৎসার জন্য সরকারী আর্থিক অনুদান পেতে অনলাইনে আবেদন করুন : www.welfaregrant.gov.bd

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও লিঙ্কে প্রবেশ করুন…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here