সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৫৩ জন।
চট্টগ্রামে ১ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৮৩ জন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৫৫ জন এবং উপজেলার ২৮ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৭৪টি নমুনা পরীক্ষায় ১৮জনের,চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৯২টি নমুনা পরীক্ষায় ৮০ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে এই দিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪টি নমুনা পরীক্ষায় সবগুলো করোনা পজিটিভ এসছে।
আবার, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

