নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ঘরের দরজায় বাজার হাতে পুলিশ!

করোনাভাইরাসের  সংক্রমন  ঠেকাতে নগরবাসীকে  ঘরে রাখার চেষ্টার অংশ হিসেবে বাসায় বাজার পৌঁছে দিচ্ছে চট্টগ্রামের পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাসায় বাজার পৌঁছে দেয় কোতোয়ালি থানা পুলিশ।

জনগণকে বাসায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন মাইকিং করছে। নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মাইকিং করে বাসায় থাকার অনুরোধের পাশাপাশি প্রয়োজনে পুলিশকে ফোন করারও অনুরোধ জানানো হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন  বলেন, “আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করেছি। যেন জনগণ নিজেরে ঘরে থেকে কোন প্রয়োজন থাকলে পুলিশকে জানায়। সেজন্য আমরা থানার নাম্বারও বলে দিয়েছি।

মাইকিং শুনে রাতে এক মহিলা ফোন করে আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা বাজার পৌঁছে দিয়ে আসি এবং তারা পাঠানো বাজারের টাকা পরিশোধ করে।

বাজারের জন্য ফোন করা রেবেকা সুলতানা নামে ওই গৃহবধূ  বলেন, সকাল থেকে পুলিশ মাইকিং করেছে কাউকে বাসা থেকে বের না হওয়ার জন্য। আবার বাসা থেকে বের হতোও ভয় লাগছিল। সেজন্য ফোন করে পুলিশের সহায়তা চেয়েছিলাম।রাত আটটার দিকে ফোন করে আমাদের চাহিদার কথা বলার খুব অল্প সময়ের মধ্যে বাজার করে আমাদের ফোন করে ঠিকানা জানতে চায় থানা। ঠিকানা বলার পর পুলিশ সদস্যরা ১১’শ টাকার বাজার নিয়ে হাজির হয়।