মোঃ নেজাম উদ্দীন,আদালত প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারাধীন মামলার নথি থেকে ২৮ কোটি টাকার চেক চুরির ঘটনায় অভিযুক্ত জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে এক আইনজীবীকে শোকজ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট এ এইস এম জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে আদালত থেকে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একটি চিঠি পেয়ে আইনজীবীদের এক বৈঠক শেষে তাকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়ছিল।
তৎপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঐ আইনজীবীকে শোকজ করে তার বরাবরে ৭ দিনের নোটিশ জারী করেছেন আইনজীবী সমিতি।
অভিযুক্ত আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।
এই ব্যাপারে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন সিপ্লাসকে বলেন, চেক চুরির ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আদালত থেকে একটি চিঠি পাঠানো হয়। পরে তৎপ্রেক্ষিতে আইনজীবী সমিতির এক বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে শোকজ করে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া জন্য তাকে ৭ দিনের নোটিশ পাঠানো। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুলত: এর আগে ২০১৩ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম এবং তার স্ত্রী ইয়াসমিন আলমের বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম এর আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা। পরবর্তীতে ২৭,৯৭,৮৮,০৭২ টাকার চেক রিটার্নের ক্ষেত্রে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মহানগর দায়রা জজকে পাঠানো অভিযোগ অনুযায়ী, জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে এক আইনজীবী গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতের অফিস সহকারীকে মামলার নথি দেখতে বলেন। অফিস সহকারী ঐ ফাইলের ভেতর থাকা সমস্ত নথি যাচাই করে এবং পুরো নথি দেখার জন্য অ্যাডভোকেট জোবায়েরকে দেয়। কিছুক্ষণ পরেই মামলার নথিটি ঐ আইনজীবী অফিস সহকারীকে ফেরত দেন, কিন্তু নথির ভেতরে থাকা চেকটি পাওয়া যাচ্ছিল না। পরে অফিস সহকারী এবং বেঞ্চ সহকারী ঐ আইনজীবীকে খোঁজাখুজি শুরু করেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
উক্তে আদালতের বেঞ্চ সহকারী ঐদিন সন্ধ্যা ৭টার দিকে চেকটি হারানোর বিষয়টি যুগ্ম মহানগর দায়রা জজ জহির উদ্দিনকে অবহিত করেন। পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিনকেও এ ব্যাপারে জানানো হয়। পরে বেঞ্চ সহকারী মোবাইলে যোগাযোগের মাধ্যমে ঐ আইনজীবীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন এবং রাত ১০টায় হোটেল আগ্রাবাদ থেকে চুরি হয়ে যাওয়া চেকটি উদ্ধার করতে সক্ষম হন।
পরে এই ঘটনায় চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ (পঞ্চম আদালত) জহির উদ্দিন ঐ আইনজীবীর বিরুদ্ধে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এর পর গত সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হলে আইনজীবী সমিতি সিদ্ধান্ত মোতাবেক আজ (১৬ সেপ্টম্বর) ঐ আইনজীবীকে সমিতির পক্ষ থেকে শোকজ করা হয়।

