সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাথরঘাটা এলাকার একটি বাসায় স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবলু (২৮) ও উত্তম দে (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, স্বর্ণের পাশা দুল ১ জোড়া, একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন, ব্লেন্ডার মেশিন, চুরি করা নগদ ৪ হাজার ৬৪০ টাকা ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ মে বাসায় চুরির অভিযোগে পাথরঘাটার ৩ নম্বর চুরিয়ালটুলি লেইনের আব্দুল জব্বার সওদাগরের ভবনের ২য় তলার ভাড়া বাসার বাসিন্দা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত অঞ্জনা রানী বল কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সুকান্ত বলেন, গভীর রাতে কর্ণফুলী এলাকা থেকে চোর বাবলুকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছে। তার কাছ থেকে চোরাই মালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।








