নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ছিনতাইয়ে জড়িত ৫ অটোরিকশা চালক গ্রেপ্তার

সিপ্লাস প্রতিবেদক: নগরীতে সংঘবদ্ধ হয়ে যাত্রীদের অর্থকড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজন অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজন হলেন- নুরুল হক সজীব (২৯), মো. শহীদ ওরফে চৌধুরী (২৭), আব্দুল খালেক (৪০), মো. ইব্রাহীম (৪২), মো. সাব্বির (৪৪)। সজীব, খালেক নোয়াখালীর, শহীদ ফেনীর, ইব্রাহীম চাঁদপুরের ও সাব্বির গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাসিন্দা।

তারা সবাই চট্টগ্রামে এসে কয়েকদিন ছিনতাই চালিয়ে নিজ নিজ জেলায় ফিরে যেতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ও গোপলগঞ্জ থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা জানিয়েছেন।

তিনি বলেন, “তারা দুটি সিএনজি অটো রিকশা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে লোক টার্গেট করত। একটিতে চালক একা থেকে যাত্রী নিত, অন্যটিতে যাত্রীবেশে বাকিরা থাকত।

“প্রথমটির চালক তাদের সুবিধাজনক স্থানে গেলে অটোরিকশা নষ্ট হয়েছে বলে থামিয়ে ফেলত। এসময় পেছন থেকে আসা অন্য অটোরিকশা থেকে নেমে বাকিরা নেমে যাত্রীদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিত।”

গত ১৪ সেপ্টেম্বর ও ১৭ নভেম্বর কোতোয়ালী থানায় দুটি অভিযোগ তদন্তে গিয়ে এই চক্রটির সন্ধান পায় পুলিশ।

সহকারী কমিশনার নোবেল বলেন, গত ১৭ নভেম্বরের ঘটনায় মো. আমির নামে এক অটোরিকশা চালক ধরা পড়েন। এছাড়া ১৪ সেপ্টেম্বরের ঘটনায় আলাউদ্দিন নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়।

আলাউদ্দিন ও আমির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মিঠু, সাব্বির, সজীব, শহীদ, খালেক, ইব্রাহীম ও আনোয়ার নামে সাত জনের নাম প্রকাশ করেন বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা নোবেল জানান, এরপর গত ১০ ডিসেম্বর রাতে মোস্তাকিন হোসেন মিঠুকে সিআরবি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানার সহায়তায় সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হয়।

এদিকে রোববার রাতে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেইট এলাকা থেকে সজীব, শহীদ, খালেক ও ইব্রাহীমকে একটি বন্দুক, ‍তিন রাউন্ড গুলি ও তিনটি ছুরিসহ গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী কমিশনার নোবেল।

কোতোয়ালী থানায় ওসি মোহাম্মদ মহসিন বলেন, “রিমান্ডে থাকা মিঠু ও অন্যদের রাতে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা তাদের ছিনতাই কৌশলের বিভিন্ন বিষয় পুলিশকে জানায়।”

ওসি জানান, মিঠু চট্টগ্রামে থেকে লোক জোগাড় করতেন, আর সজীব সিএনজি অটোরিকশা জোগাড় করতেন। তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিল। আবার কারাগার থেকে বের হয়ে ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।

রোববার রাতে জমিয়তুল ফালাহ মসজিদ গেইট এলাকা থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করেছেন।