Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে তিন বছর পর মশক জরিপ শুরু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে তিন বছর পর শুরু হয়েছে মশক জরিপ। এ জরিপের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল শনাক্ত, মশার ঘনত্ব পরিমাপ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। সোমবার থেকে  শুরু হয় এ মশক জরিপ।

জানা যায়, চট্টগ্রামে এর আগে সর্বশেষ মশক জরিপ হয় ২০১৭ সালের ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট। তখন নগরীর ৪১ ওয়ার্ডকে সাতটি জোনে ভাগ করে ৮২০ স্থানে এ জরিপ চালানো হয়। এবারের মশক জরিপে কাজ করছেন ২৪ জন কীটতত্ত্ববিদ।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কীটতত্ত্ববিদরা নগরকে আট ভাগে ভাগ করে আটটি টিম এই জরিপ কাজ পরিচালনা করছেন। প্রতি টিমে সদস্য রয়েছে তিনজন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীও এই জরিপে যুক্ত থাকছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে সোমবার থেকে মশক জরিপ শুরু হয়। এক সপ্তাহ আগে সরকার আবার নতুন করে একটি চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে জরিপ কাজ শুরু হয়।