নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে দ্বিতীয় বারের মতো ‘এক মিনিটের বাজার’: সহায়তা পেলেন ১২শ’ মানুষ

সিপ্লাস প্রতিবেদক: প্রথম বাজারে ব্যাপক সফলতার পর করোনায় বিপর্যস্ত মানুষের সহযোগিতায় চট্টগ্রামে দ্বিতীয় বারের মতো এক মিনিটের বাজার বসিয়েছে সেনাবাহিনী। নগরীর আগ্রাবাদ এলাকার ১২শ মানুষকে দেয়া হয়েছে চাল আলুসহ সবজি সহায়তা।
শুধু তাই নয়, অসহায় মানুষদের এই দুঃসময়ে ঈদের আনন্দ দিতে দু’দিন ব্যাপী ঈদ বাজার বসানোর’ও পরিকল্পনা নিয়েছে তারা।

চলার শক্তিহীন সত্তরোর্ধ্ব সখিনা খাতুনের হুইল চেয়ার টেনে নিয়ে চলছেন সেনা সদস্যরা। আর এভাবেই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে শনিবার (১৭ মে) সকালে নগরীর আগ্রাবাদ এলাকার ১২শ মানুষকে দেয়া হয় চালসহ সব্জি সহযোগিতা।
৩৪ ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ২৪ পদাতিক ডিভিশন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর বলেন, ‘আমরা ২.১ মিনিটে ঈদ বাজার সেবা চালু করবো। যাতে কয়েকটা দরিদ্র পরিবার ঈদটাকে ভালো করে উদযাপন করতে পারে।’

আগে শুধু সাধারণ মানুষদের ত্রাণ সহায়তা হিসেবে চাল দেয়া হতো। কিন্ত এখন চালের পাশাপাশি আলু, লতি, ঢেঁড়স, করলাও দেয়া হচ্ছে। বাদ যাচ্ছে না মাস্ক বা সাবানও।

ত্রাণ পাওয়া একজন বৃদ্ধ বলেন, ‘অনেক কিছু দিয়েছে। খুব ধন্যবাদ তাদের।’
কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের আগেই ডাটাবেইজ তৈরি করে সেনাবাহিনীর এই ইউনিট। আর প্রান্তিক কৃষকদের সহযোগিতা দিতেই এসব সবজি কেনা হয় গ্রামের বাজারের কৃষকদের কাছ থেকে।

সেনাবাহিনীর ১ মিনিটের বাজার সমন্বয়কারী লে. কর্নেল আমজাদ বলেন, ‘শহর থেকে দূরের প্রান্তিক চাষিদের কাছ থেকে বাজার ন্যায্যমূল্য সংগ্রহ করছি। নিজস্ব ব্যবস্থাপনায় তা এনে সরবরাহ করছি।’

গত ১৩ মে ব্যতিক্রমী এই বাজারের কার্যক্রম শুরু করেছিলো সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্রিগেড।