সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে ২০১৮ সালে ধর্ষণের পর শিশু মীম হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এমন বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক বিচারক মো. জামিউল হায়দার এ রায় দেন।
মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বলেন, মীম হত্যা মামলায় ৮ আসামির সবাইকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারী আকবরশাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে। আলোচিত এ মামলায় প্রত্যক্ষদর্শীসহ গুরুত্বপূর্ণ ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
মীম আকবরশাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. জামাল উদ্দিন শ্রমিক। তাদের বাসা ছিল আকবরশাহ এলাকার কনকর্ড সী-ওয়ার্ল্ড’র রাজা কাশেমের কলোনিতে।
ঘটনার দিন রাত ১০টার দিকে আকবরশাহ বিশ্ব ব্যাংক কলোনির ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।








