Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে নতুন ২ জনসহ ৩১ জন হোম কোয়ারেন্টাইনে

বিদেশফেরত আরও ২ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এনিয়ে গত কয়েকদিন মোট ৩১ জনকে পাঠানো হয় হোম কোয়ারেন্টাইনে।

মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি  বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দু’জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে পাঠানোদের অবশ্যই কমপক্ষে ১৪ দিন সেখানে থাকতে হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের সব প্রোগ্রাম কমিয়ে আনা হয়েছে। সকালে জেলা প্রশাসনের অনুষ্ঠান ছিল। হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

এদিকে করোনার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত রাখা হয়েছে সাড়ে ৩ শতাধিক শয্যা। এছাড়া কোয়ারেন্টাইনের জন্য দু’টি বিদ্যালয়ে প্রস্তুতির কাজ চলছে। তবে আসন্ন চসিক নির্বাচনে বিদ্যালয়গুলো কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দু’টি আবাসিক হোটেল প্রস্তুত রাখার পরিকল্পনা করছে বলেও জানান সিভিল সার্জন।