Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে নালা ও খালে পড়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিপ্লাস প্রতিবেদক: নগরীতে বৃষ্টির সময় সৃষ্ট জলাবদ্ধতায় বিভিন্ন সড়কের পাশে খোলা নালা ও খালে পড়ে বারবার প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো চিঠিতে এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করা হয় এবং এজন্য দায়ী কে- তা তদন্ত করে প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনা পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে গত ২ অক্টোবর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিএমপি কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি, সিডিএ’র সচিব, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালককে সদস্য করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে এই কমিটি বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বৈঠক করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে রোববার (১০ অক্টোবর) তদন্ত কমিটি গঠন ও বৈঠক সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ’র কাছে।