Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি: জেলা প্রশাসন খুলেছে ১৯ টি আশ্রয় কেন্দ্র

সিপ্লাস প্রতিবেদক: অব্যাহত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। পাহাড় ধসে প্রাণহানী ঠেকাতে নগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) মাইকিং কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

একই সাথে করোনা ভাইরাস দুর্যোগের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে মানুষ যাতে নিরাপদে অবস্থান করতে পারে; তার জন্য চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেলাধীন এলাকায় মোট ১৯ টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্র্রশাসন।

বৃষ্টিপাতের মধ্যে প্রাণহানী ঠেকাতে মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক  আকবর শাহ এলাকার ঝিল-এক, দুই ও তিন নম্বর এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিব নগর, শান্তিনগর এলাকা, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট  এলাকা, বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকাসমূহে ঝুঁকি পূর্ণ পাহাড় থেকে জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণের কথা বিবেচনায় আশ্রয় কেন্দ্রে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে; সে জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা এবার দ্বিগুণ করা  হয়েছে। বিভিন্ন এলাকায় সহকারী কমিশনারদের (ভূমি) তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মচারী এবং কাউন্সিলরদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ১৭ টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে  লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে অধিকাংশ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজন সরে গিয়ে তাদের নিকটবর্তী আত্মীয়-স্বজনের বাসায় নিরাপদ আশ্রয় নিচ্ছে।