সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও পটিয়া এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে আনুমানিক ৫৮ লক্ষ টাকা মূল্যের ১১,৬১০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় পটিয়া ইন্দ্রপোল বাইপাস মোড়স্থ হাম কনভেনশন সেন্টার এবং সীতাকুন্ড ভাটিয়ারী এলাকায় মাদামবিবির হাটস্থ সিটিজি ডিজিটাল স্কেলের সামনে থেকে তাদেরকে আটকের বিষয়টি র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত আসামিরা ১। ফাতেমা খাতুন (৩৫), পিতা- মৃত মোঃ হোসেন এবং ২। জাহাঙ্গীর আলম (৪০), পিতা- মৃত নাজির আহমেদ, উভয় সাং- নেংগুর বিল, তুলাতলী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং ৩। ড্রাইভার সিকান্দর বাদশা (৪৬), পিতা- আহমদ কবির, সাং- মিয়াজান কাজীর পাড়া, থানা- লোহাগাড়া,
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী এলাকায় মাদামবিবির হাটস্থ সিটিজি ডিজিটাল স্কেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার হতে ঢাকাগামী ‘‘শ্যামলী পরিবহন” এর একটি বাসের দুই জন যাত্রীকে তল্লাশী করলে হেফাজতে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ১,৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
র্যাব ৭ এর অপর আরেকটি অভিযানে পটিয়া থানাধীন ইন্দ্রপোল বাইপাস মোড়স্থ হাম কনভেনশন সেন্টার এর পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার হতে চট্টগ্রামগামী ‘‘হানিফ পরিবহন” এর একটি গাড়ি র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবের চেক পোস্টের অদূরে গাড়ি থামিয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে ধরে তার দেখানো মতে বাসটির স্টিয়ারিং এর ড্যাশবোর্ডের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ৯,৮৫০ পিস ইয়াবাসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত বাসটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








