সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে প্রথম পুলিশ সদস্য মো: নঈমুল হকের (৩৮) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিপ্লাসটিভির এডিটর-ইন-চিফ আলমগীর অপু ও সিপ্লাস পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৫ই মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিন রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাঁর দাফনের জন্য গ্রামের বাড়িতে মৃতদেহ প্রেরণ করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড ফেসবুকে পেজের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নঈমুল হক সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ির বাসিন্দা।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
এ নিয়ে সারাদেশে পুলিশের সাত সদস্য করোনা যুদ্ধে প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ জনে।








