বিএনপি ও যুবদলের নয়জন নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- নুর মোহাম্মদ গুড্ডু, হাবিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নেজাম, রফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ মনির, মো. জানে আলম, মো. সেলিম ও আবু মিয়া।
এদের মধ্যে নুর মোহাম্মদ গুড্ডু মহানগর যুবদলের সহ-সভাপতি, হাবিবুর রহমান ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ খোরশেদ মহানগর যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নেজাম পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, রফিকুল ইসলাম পারভেজ উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও অন্যরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।
এছাড়া শেখ ইয়াছিন নামে এক আসামি জামিন পেয়েছেন বলেও জানান অ্যাডভোকেট নাজিম উদ্দিন।
অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী জানান, ২০১৮ সালে পাহাড়তলী থানায় দায়ের একটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামিরা। বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া আরও কয়েকটি মামলায় আদালত ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।








