নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে প্রসবের ৯৮ ভাগই সিজারিয়ান

জিয়াউল হক ইমন: চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে প্রসবের (ডেলিভারি) ৯৮ ভাগই সিজারিয়ান। বেশির ভাগ বেসরকারি হাসপাতালে নেই নরমাল ডেলিভারি রুম। এমনটি মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পার্কভিউ হসপিটালে অনুষ্ঠিত পোস্ট কোভিড ১৯ রিহ্যাবিলিটেশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের এখন ইনস্টিটিউশনাল ডেলিভারির কোন বিকল্প নেই। এ ব্যাপারে আমরা দেখছি প্রাইভেট হাসপাতালগুলো ও বেসরকারি এনজিওসহ সব ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের হার অত্যান্ত বেশি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১৫/১৭ শতাংশ ডেলিভারি সিজারিয়ান হতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে এ হার ৩৭ শতাংশের মতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের প্রাইভেট ক্লিনিকগুলোতে ডেলিভারির সিজারিয়ানের হার ৯৮ শতাংশ পর্যন্ত। অনেক বেসরকারি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এমনকি নরমাল ডেলিভারি রুমও পাওয়া যায়নি।

প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের উদ্দেশ্য করে সিভিল সার্জন বলেন, আমরা আশা করবো প্রাইভেট হাসপাতাল গুলোতে নরমাল ডেলিভারির সুযোগ বৃদ্ধি এবং তাদের জন্য যুক্তিসঙ্গত ফি নির্ধারণ করা হবে। তাহলে আমরা মাতৃ মৃত্যু কমাতে পারবো। মাতৃ মৃত্যু কমাতে পারলে আমরা মাতৃ ও শিশু স্বাস্থ্য দুটোই নিশ্চিত করতে পারবো। ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্নের সূতিকাগার হলো আমাদের মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

সেমিনারে পার্কভিউ হসপিটালে চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. আহসানুল হক চৌধুরী ও বিশেষ বক্তা সহকারী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা. আবু তছলিম, ডা. মো. শাখাওয়াত হোসেনসহ প্রায় ১৫০ জন ডাক্তার।

নিচের ভিডিও লিঙ্কে প্রবেশ করুন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here