চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকে।
মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মঙ্গলবার রাতে এই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।
গ্রেপ্তার সরোয়ার হোসেন ওরফে মানিক (২৩) নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। তিনি থাকেন চট্টগ্রামের ডবলমুরিংয়ের হাজী পাড়ায়।
উদ্ধার ব্যবসায়ী আবু তাহের (৪৫) আবাসন ব্যবসায় যুক্ত।
পরিদর্শক জহির জানান, সরোয়ার ব্যবসায়ী তাহেরের ভাইয়ের বাসায় ভাড়া থাকতেন। সে হিসেবে তাহেরের সম্পর্কে বিস্তারিত জানতেন। সম্প্রতি তাহেরকে বাসা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল।
“মঙ্গলবার ভোরে তাহের নামাজ পড়তে বাসা থেকে বের হলে ঈদগাঁও কাঁচা রাস্তার সামনে থেকে সরোয়ার ও তার সহযোগীরা গোয়েন্দা পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বাসায় ফোন করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
জহির বলেন, তাহেরের স্ত্রী উম্মে সালমা এই ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করে। মামলার পরপর থানা পুলিশের একটি দল অভিযানে নেমে রাতে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাহেরকে উদ্ধারের পাশাপাশি সরোয়ারকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা জহির জানান, এই ঘটনায় সরোয়ারের সাথে আরও কারা জড়িত ছিলেন তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। সরোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

