সিপ্লাস প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে রিক্সা চোরচক্রের দুইজন সদস্য গ্রেফতারসহ ১৮ টি চোরাই রিকসা এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে একটি রিক্সা গ্যারেজ থেকে ১৮টি চোরাই রিক্সা সহ অন্যান্য রিক্সার সরঞ্জামাদি সহ দুইজন রিক্সা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে।
তাদের একজন জয়নাল আবেদীন (৫৫), পিতা মৃত সেরু মিয়া, ঢালুয়া বাজার নাঙ্গলকোট কুমিল্লা। বর্তমানে পাহাড়তলী পুলিশ বিট এর পিছনে বাসা নং১৭৮ রবীন্দ্র মালির রেলওয়ে কোয়াটার এর বাসিন্দা। আরেকজন আবুল হোসেন (৫০), পিতা মৃত এছাক মিয়া, খালেক মাস্টারের বাড়ি বাতিসা বাজার চৌদ্দগ্রাম কুমিল্লা। বর্তমানে জয়নালের রিক্সা গ্যারেজ সৃজনী মাঠ থানা খুলশী এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকা হতে রিকশা চুরি করে রং কিংবা কিছুটা পরিবর্তন করে অন্য মালিকের নিকট সস্তায় বিক্রি করে। ১নং আসামী জয়নাল আবেদীনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫ টি মামলার সন্ধান পাওয়া গিয়েছে। তাদের রিক্সা চুরির প্রক্রিয়া হচ্ছে তাদের কোনো সদস্য টার্গেটকৃত রিক্সায় ভাড়ায় উঠে। কিছুদুর যাওয়ার পর নির্জন কোন জায়গায় যাত্রীবেশী চোর রিকশাওয়ালাকে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে তার জন্য এক প্যাকেট সিগারেট অথবা অন্যান্য কোন জিনিস এনে দিতে এবং সেই রিকশায় বসে আছে বলে জানায়। রিক্সাওয়ালা সরল বিশ্বাসে তা আনতে গেলে এই সুযোগে যাত্রীবেশী চোর রিক্সাটি নিয়ে চম্পট দেয়। দীর্ঘদিন যাবৎ তারা এই প্রক্রিয়ায় কাজটি করে আসছে।
এই গ্রুপের অন্যান্য সদস্যদের কে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর ৫ দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে।

