সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণরোধকল্পে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার স্থানান্তর করে রেলওয়ে স্টেশনের কার পার্কিংয়ে নেওয়া হয়েছে। এই বাজারে ক্রেতারা প্রবেশ করবেন সারিবদ্ধভাবে, প্রবেশমুখে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করা হবে। ক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রবেশমুখে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। একপথ দিয়ে প্রবেশ করে অন্য পথে বাজার নিয়ে বেরিয়ে আসবেন ক্রেতারা।
আজ শুক্রবার দুপুর ১২টায় এই স্থানান্তরিত বাজারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
তিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ। অনুষ্ঠান সঞ্চালন করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহিসন।
রিয়াজ উদ্দিন বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো সংকীর্ণ হওয়ার কারণে সেখানে গাঁদাগাদি করে ক্রেতাদের বাজার করতে হয়। পাইকারি আড়ত ও খুচরা ব্যবসায়ীরা একই সঙ্গে বেচাকেনা করার কারণে করোনা ঝুঁকি অত্যাধিক বাড়ছিল। পরবর্তীতে পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানের নির্দেশনায় বাজারটি সাময়িকভাবে সরিয়ে রেলওয়ে স্টেশনের পার্কিংয়ে স্থানান্তরের উদ্যোগ নেয় পুলিশ।
এরই ধারাবাহিকতায় কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় প্রাথমিকভাবে ২৫০টি দোকান স্থানান্তর করা হয়েছে। এসব দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্রেতারা বাজার করতে পারবেন। এখানে খোলামেলা জায়গার পরিমাণ বেশি হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বয়িক প্রভাব। বাংলাদেশও এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্ত নয়। সরকার মানুষের জীবন ও জীবিকা রক্ষার্থে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ লকডাউনে আছে। কিন্তু পুলিশ সদস্যরা লকডাউনে নেই। ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত আছে। এরই মধ্যে অনেক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু পুলিশ বসে নেই। নির্বিঘ্নভাবেই মানুষের সেবায় নিয়োজিত আছে।
তিনি বলেন, মহানগর পুলিশ ইতিমধ্যে ২০টি বাজার সাময়িক স্থানান্তর করেছে। এটা অবশ্যই জনবান্ধব পুলিশিংয়ের অংশ। এমন কৃতিত্বপূর্ণ কাজের জন্য মহানগর পুলিশকে ধন্যবাদ জানাই।
এর আগে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান তার বক্তব্যে নগরীর ২০টি কাঁচা বাজার সাময়িক স্থানান্তর, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির কাছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাঠানো, জনসমাগম বন্ধে বিনোদনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞাসহ সার্বিক বিষয়ে বক্তব্য দেন।

