নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ১২ হাজার ইয়াবাসহ আটক চার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চর ফরিদ ও চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ জুলাই) তাদের আটকের বিষয়টি জানায় র‌্যাব।

তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি পিকআপ ও একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক চারজন হলো- সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার মো. শফির ছেলে মো. শওকত হোসেন (২৫), ছদাহা ফকিরহাট আশ্রয়ণপ্রকল্প এলাকার মো. রফিকের ছেলে আজিজুল হক রুবেল (২৮), চিববাড়ি এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. তৈয়ব আলী (২৬) ও নোয়াখালী জেলার কবিরহাট নরসিংহপুর এলাকার মো. শহিদ উল্লার ছেলে মো. নুর আলম (২৬)।

এদের মধ্যে শওকত হোসেন ও আজিজুল হক রুবেলকে কর্ণফুলী থানাধীন চরফরিদ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এবং তৈয়ব আলী ও নুর আলমকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ বহদ্দারহাট এলাকা থেকে আটক করে র‌্যাবের পৃথক দুইটি টিম।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন  বলেন, পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১১ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কক্সবাজার থেকে পিকআপে করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল ইয়াবা ব্যবসায়ীরা। চরফরিদ এলাকার অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।