সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে শুরু হয়েছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১ ।
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত স্কুলসমূহ থেকে বাছাইকৃত সেরা ৩২ টি স্কুল টীম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বুধবার(৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
দামপাড়া এসএএফ মাঠে উদ্বোধনী ম্যাচে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্ধিতা করে সেন্ট্রাল পাবলিক স্কুল। অপর ম্যাচে দামপাড়া পিওএম মাঠে দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাথে প্রতিদ্বন্ধিতা করে খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের সন্তানদের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি তার জন্য আয়োজন কমিটিকে ধন্যবাদ।
তিনি বলেন এই আয়োজন যেকোনো লোককে বিমোহিত করবে। হরেক রকমের জার্সি পড়ে ক্ষুদে প্রতিযোগিরা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। এখান থেকেই জাতীয় খেলোয়াড় উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে শত শত রাসেল জন্ম নিবে। তারা এই দেশকে সোনার দেশ, ত্যাগের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।’
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সালেহ মেহাম্মদ তানভীর, ‘ দীর্ঘদিন পর মনে হচ্ছে মাঠ প্রাণ ফিরে পেয়েছে। কিশোরদের কলকাকলি কিচিরমিচির শব্দে মাঠটি উৎসব মুখে করে তুলেছে।’
চারটি ভেন্যুতে পুরো টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মবার্ষিকীতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

