Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে বুধবার (২৩ জুন) বিকেল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ বাঙালির একটি আবেগ ও অনুভূতির নাম। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। আজ থেকে ৭২ বছর আগে আওয়ামী লীগের জন্মের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নবীজ বপন হয়েছিল।
তিনি বলেন, দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং দলও ভেঙেছে কিন্তু তৃণমূলের ঐক্যই দলকে টিকিয়ে রেখেছে। বরং যারা ষড়যন্ত্র করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি তাদের একমাত্র আরাধ্য সম্পদ মাটি ও মানুষ। এসব থেকে কিছুতেই বিচ্ছিন্ন হওয়া যাবে না।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতির যত মহৎ অর্জন তা একমাত্র আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে। আওয়ামী লীগ বাঙালির একটি স্বাধীন জাতিসত্তার ঠিকানা। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁর আদর্শ-নীতি-নৈতিকতা ও নির্দেশনা আছে। আমরা যারা রাজনীতি করি তাদের বঙ্গবন্ধুর এ নীতি নৈতিকতা আঁকড়ে ধরে এগোতে হবে, যেমনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শে প্রাণিত হয়ে দেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি উদ্বেগ জানিয়ে বলেন, কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ২১ শতাংশের বেশি। তাই বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। এটাই দলের রাজনৈতিক ও সাংগঠনিক নির্দেশনা। শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না। গঠনমূলক রাজনীতি ও সিদ্ধান্তই হলো রাজনীতির ভিত্তি। তৃণমূল থেকেই এ ভিত্তি সুদৃঢ় করতে হবে।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর পরিবারের প্রয়াত সদস্য এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকেই অদ্যাবধি বিশেষ করে করোনাকালে প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য বদিউল আলম, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ হোসেন, মাহবুবুল হক মিয়া, জোবায়রা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো. শহীদুল আলম, জহর লাল হাজারী, নির্বাহী সদস্য এমএ জাফর, পেয়ার মোহাম্মদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, সৈয়দ আমিনুল হক, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, নেছার আহমেদ মঞ্জু, বেলাল আহম্মদ, মোরশেদ আক্তার চৌধুরীসহ ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনোপলক্ষে সকালে দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।