সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া, সীতাকুন্ড এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে আনুমানিক ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯.৮ কেজি গাঁজা এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭।
সোমবার (১৬ আগস্ট) পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রশিদা বেগম (৪০), পিতা- মৃত নজু মিয়া, সাং- খুরুলিয়া থানা- কক্সবাজার সদর, মদিনা বেগম (২১), পিতা- মোঃ তাহসিম, সাং- কুতুপালং, সাং- কুতুপালং, ঋ ব্লক, সেট নং-২৫, এমআরসি নং-৪৯০২২, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, নুরুল আজাদ (২৫), পিতা- মৃত আব্দুল জলিল এবং মোঃ মানিক (২০), পিতা- মৃত মীর হোসেন, উভয় সাং- উত্তর যশপুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মহানগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল এলাকায় কক্সবাজার-চট্টগ্রামমুখী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। এসময় বাস থেকে নেমে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে বাসের হেলপার আসামী মোঃ আশিক (২৮) (বাস হেলপার)কে আটক করে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে বাসের ভিতর এসির ফর্নেসার এর জালির ভিতরে সু-কৌশলে লুকানো অবস্থায় ১,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
অপর একটি গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন বাংলাবাজার এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলে বাসটি র্যাবের চেকপোস্টের থামে। এসময় বাস থেকে নেমে দুইজন মহিলা তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে রশিদা বেগম (৪০) ও মদিনা বেগম (২১)কে আটক করি।
এরপর তাদের হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
একই সময়ে গোপন তথ্যের ভিত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন মির্জার বাজার এলাকায় ইকবাল মেডিকেল হল ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে নুরুল আজাদ (২৫), এবং মোঃ মানিক (২০)কে আটক করে।
এসময় তাদের হেফাজতে থাকা দুইটি বস্তা তল্লাশি করে ৯.৮ কেজি গাঁজা এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম, ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ও চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








