নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম ও কক্সবাজারের দুই ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে সতর্ক হতে ইউজিসির গণবিজ্ঞপ্তি

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি এবং কক্সবাজারের কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের ২৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সমস্যা থাকায় সেখানে ভর্তি হয়ে জটিলতায় না পড়তে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) রাতে এ সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পরবর্তীতে এসব প্রোগ্রাম ও শিক্ষার্থীদের সার্টিফিকেট বাতিল হলে তার দায়ভার ইউজিসি নেবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইউজিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বর্তমানে সারাদেশে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে নয়টিতে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। ৯৯টিতে শিক্ষা কার্যক্রম চলছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী একেকটি বিশ্ববিদ্যালয় একেক ধরনের সঙ্কটে আছে।

সাউদার্ন ইউনিভার্সিটির অনুমোদিত ক্যাম্পাসের ঠিকানা হলো চট্টগ্রামের মেহেদীবাগ এবং শহীদ মির্জা লেনে। আদালতের রায় অনুযায়ী এই দুটি ক্যাম্পাস ছাড়া অন্যান্য সব ক্যাম্পাস অবৈধ। এই বিশ্ববিদ্যালয়ের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব থাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি।ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ নিয়ে একটি ঘোষণামূলক মামলা চট্টগ্রামে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

২০১৩ সালে জেলা শহরের কলাতলী মোড়ে অস্থায়ী ক্যাম্পাসে গড়ে উঠে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। লায়ন মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা ও সালাহ উদ্দিন আহমদকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে ১০ সদস্যের ট্রাস্ট বোর্ড নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে গত কয়েক বছর ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছে।

ইউজিসি জানিয়েছে, ২৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মধ্যে অনেকেরই মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় চলছে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসে। কেউ কেউ অনুমোদিত ক্যাম্পাসের বাইরেও শিক্ষা কার্যক্রম চালাচ্ছে অবৈধভাবে। অনেকে আবার অনুমোদিত শিক্ষা প্রোগ্রামের বাইরেও কিছু কিছু প্রোগ্রাম চালাচ্ছে।

শুধুমাত্র সরকার ও ইউজিসির অনুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রামে ভর্তি হতে পরামর্শ দেওয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here