Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; নিহত ২

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের পশ্চিমে কালাপুল নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরের বাস টার্মিনাল হতে ছেড়ে আসা কাপ্তাইগামী (চট্টগ্রাম-জ-৬০) বাসটি রাউজান পিংক সিটি-২ এর পূর্বে কালাপুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন।

পরে কালুরঘাট ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের যথাযথ যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজে কোন ভুমিকা রাখতে পারে নি। পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)’র একটি বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের পরামর্শে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র হতে ক্রেন এনে বাসটি উদ্ধার করা হয়।

এই সময় বাসের নিচে চাপা পড়া অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে সহয়তায় ছিলেন রাঙ্গুনিয়া সার্কেল অফিসার এএসপি আবুল কালাম, রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি, চুয়েট ফাঁড়ি তৎপর ছিলেন। এই সময় শতশত জনতা ভীড় জমায়। জনতার ভীড় সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে দেখা যায়।

উদ্ধারকালে প্রায় দুই ঘন্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। সড়কের দুই ধারে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুইজন বাসের নিচে চাপা পড়ে মারা যায়। এদের একজন মহিলার পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আবুল মালেকের স্ত্রী জাহানারা বেগম(৫৫)। অপর জন ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমি স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। উদ্ধার কাজে নেমে পড়ি। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের লোকজন আসলেও তাদের আধুনিক কোন যন্ত্রপাতি না থাকায় কোন ভুমিকা রাখতে পারে নি।

এই দূর্ঘটনায় দুইজন ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে মারা যান,২০জনের মত আহত হন। এদের একজনের অবস্থা সংকটাপন্ন। উদ্ধার কাজে চুয়েটের একটি প্রকৌশলী টিম, রাঙ্গুনিয়া সার্কেল, রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৎপর ছিলেন।