সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে বছরের প্রথম নিলাম আয়োজন করা হয়েছে। তারা ই-অকশনের মাধ্যমে এ বছর নিলাম যাত্রা শুরু করলো ।
বছরের প্রথম নিলামে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে থাকা প্রায় ১১শ টন পেঁয়াজ নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
পঁচে যাওয়ার আগেই আমদানিকৃত পেঁয়াজগুলো চলতি বছরের প্রথম নিলামে তুলেছে কাস্টমস।
ই-অকশনের মাধ্যমে আয়োজিত এ নিলামে শুধুমাত্র ২০ লট পেঁয়াজ ছিল। যার মধ্যে ১টি লটের নিলাম স্থগিত করেছে কাস্টমস। এ চালানে ২০ লটে থাকা ৪০টি কনটেইনারে মোট ১০ লাখ ৯৩ হাজার ৫১৯ কেজি পেঁয়াজ ছিল। যার সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ৩ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৩৮২ টাকা।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় যখন দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় তখন আমদানিকারকরা এই পেঁয়াজগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদান করে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারকেরা ওই পেঁয়াজ খালাস না করায় নিয়ম অনুযায়ী সেগুলো নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস।
ই-অকশনের মাধ্যমে নিলাম আয়োজন করায় বিডারদের সশরীরে অংশগ্রহণ করতে হয়নি নিলামে। অনলাইনেই সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নিলামের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা নিলাম কমিটি অনুমোদিত হওয়ার পর গোলাভাড়া ও পোর্টচার্জ ব্যতিরেকে উদ্ধৃতমূল্য ৫ শতাংশ হারে আয়কর ও ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট ট্রেজারি চালানের মাধ্যমে ১২ কার্যদিবসের মধ্যে জমা দিয়ে পেঁয়াজ ‘যেখানে যে অবস্থায় এবং যে গুণগতমানে আছে’ সে অনুযায়ী খালাস নিতে হবে।
অন্যথায় নিয়ম অনুযায়ী জামানতের অর্থ সরকারি খাতে বাজেয়াপ্ত করা হবে।

