সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ হওয়ার ঘটনায় কারা অভ্যন্তরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (৮ মার্চ) দুপুর ১টায় কারাগারে প্রবেশ করে ফায়ার সার্ভিসের দুটি দল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ হওয়ার ঘটনায় কারাগারের অভ্যন্তরে সব ড্রেন ও সেপটিক ট্যাংকগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, শনিবার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হন ফরহাদ হোসেন রুবেল নামে হত্যা মামলার এক আসামি।নিয়মিত গণনার সময় ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। নিখোঁজের পরপরই কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়।
কোতোয়ালি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, শনিবার সকাল ছয়টা থেকে বন্দি রুবেলকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালি থানায় জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে পাঠানো হয়। শনিবার (৬ মার্চ) সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, বন্দি রুবেল কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে থাকতেন।








