নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মাহবুবসহ ২৪ জন পরিচালক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে এবার ভোটাভুটি হচ্ছে না। শতবর্ষী এই বাণিজ্য সংগঠনের ২৪ পরিচালক পদে ২৪ জনই প্রার্থী হয়েছেন। রোববার (৯ মে) শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে সবার।

আগামীকাল মঙ্গলবার (১১ মে) এই ২৪ জন পরিচালককে নির্বাচিত ঘোষণা করা হবে।

তাঁরা হচ্ছেন- এ.এস শিপিং লাইন্সের অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), আর.এস.বি ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কন্টেইনার লিমিটেডের বেনজির চৌধুরী নিশান, ম্যাফ সু লিমিটেডের হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএল লিমিটেডের ইফতেখার হোসেন, কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের শাহরিয়ার জাহান, পাওয়ার বাংলা করপোরেশনের নাজমুল কবির চৌধুরী শারুন, গোগ্রিন পেপার কাপ ইন্ডাস্ট্রির এসএম তাশিন জোনাইদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সালমান হাবিব, বেঞ্ছমার্ক এপারেলস লিমিটেডের শাহজাদা ফৌজুল আলিফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিমিটেডের শাজির আহমেদ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের তরফদার মো. রুহুল আমিন, সিলভার ট্রেডিং কোম্পানির একেএম আকতার হোসেন, জে.এন শিপিং লাইন্সের জহিরুল ইসলাম চৌধুরী, আলম ট্রেডিং করপোরেশনের মাহবুবুল আলম চৌধুরী, নাহার পোল্ট্রি’র মো. রাকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিমিটেডের সাকিফ আহমেদ সালাম, ইলেকট্রো ট্যাবের তানবির মোস্তফা চৌধুরী, ফয়সাল ট্রেডার্সের মো. ইফতেখার ফয়সাল, এফ.এ ট্রেডিংয়ের মোহাম্মদ আদনানুল ইসলাম, এন আলম মৎস্য খামারের মোহাম্মদ নাসিরুল আলম, ইসলাম মোটর লিমিটেডের আলহাজ মো. সিরাজুল ইসলাম, পোর্টল্যান্ড অটোসের মো. ওমর ফারুক ও প্যাসিফিক জিন্স লিমিটেডের সৈয়দ মোহাম্মদ তানভির।

আগামী ১০ জুন চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ডের কমিশনার সরওয়ার হাসান জামিল বলেন, ‘চার ক্যাটাগরির ২৪ পরিচালক পদে ২৪ জনই জমা দিয়েছেন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করে সঠিক পাওয়া গেছে।’

এবারের চেম্বারের নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয় গত ২১ মার্চ। গত ৬ মে মনোনয়নপত্র কেনার শেষ দিনে ২৪ পদের বিপরীতে ২৯ জন মনোনয়নপত্র কিনেছিলেন। তবে শেষ মুহূর্তে ৫ জন মনোনয়নপত্র জমা দেয়নি।

এবারের প্রার্থী তালিকায় বর্তমান কমিটির সভাপতি মাহবুবুল আলমসহ ১৩ জন রয়েছেন। বর্তমান কমিটিতে নেই এমন ১১ জন এবার প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিগত কমিটিগুলোতে পরিচালক ছিলেন।

নির্বাচন কমিশন জানায়, পদের চেয়ে বেশি প্রার্থী না থাকায় প্রক্রিয়া শেষে ২৪ জন পরিচালককে নির্বাচিত ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকেরা তাঁদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত করবেন। কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।