Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে এস আলম গ্রুপ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আন্দরকিল্লা এলাকার ২৫০ বেডের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করতে মেডি ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে ওয়ার্কঅর্ডারও দিয়েছে এই শিল্প গ্রুপ। আগামী ১৫ দিনের মধ্যে অক্সিজেন সাপ্লাই লাইনের কাজ সমাপ্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে মেডি ট্রেডকে।

প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেনের কাজ সম্পন্ন করতে এস আলম গ্রুপ রোববার (১৪ জুন) মেডি ট্রেডকে কার্যাদেশ দেয়।

রোববার (১৪ জুন) মেডি ট্রেডকে কার্যাদেশ হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী।

ইতোপূর্বে জেনারেল হাসপাতাল বোতলের অক্সিজেন দিয়ে রোগীদের চিকিৎসা দিতে  হিমশিম খেতে হতো। করোনা মহামারী শুরু হওয়ার পর অক্সিজেনের এ সংকট চরমে উঠে।

এই সময়ে অক্সিজেনের অভাব পূরণ করতে এস আলম গ্রুপ জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করতে এগিয়ে আসে।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী সিপ্লাসকে জানান , ১০/১৫ দিনের মধ্যে জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন করার পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হবে।

এই কাজ সমাপ্ত হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।