নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি: করোনা ভাইরাস নামক অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো।

চন্দনাইশ উপজেলার দুর্গম ইউনিয়ন হিসেবে পরিচিত পাহাড় বেষ্টিত ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকার অধিকাংশ মানুষ পাহাড় থেকে লাকড়ী কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারনে তারা চরম বেকায়দায় পড়েছেন। না পারছেন লাকড়ী বিক্রি করতে, না পারছেন বাইরে গিয়ে কাজ করে রোজগার করতে। তাই পাহাড়ে বসবাসরত পরিবারগুলো । অপরদিকে দোহাজারী পৌরসভার পাহাড় বেষ্টিত দিয়াকুল ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলোও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তার অংশ হিসেবে অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

সোমবার (৪ মে) ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা ও দোহাজারী দিয়াকুল এলাকার আশ্রয়ণ প্রকল্পের কর্মহীন গৃহবন্দী দুঃস্থ-অসহায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, কৃষকলীগ যুগ্ম সম্পাদক নবাব আলী, এএসআই মোজাম্মেলসহ, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খেতে পারেন সেজন্য মানবিক সহায়তার অংশ হিসেবে পুলিশ সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন, নিম্নআয়ের দুঃস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করেন এবং তাদের বাড়ি পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছানো নিশ্চিত করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব।

সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যে কোন পরিস্থিতিতে গরীব অসহায় মানুষদের পাশে থাকবেন। দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।