Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম, ঢাকা ও নোয়াখালীর সঙ্গে হাতিয়া বিচ্ছিন্ন

সিপ্লাস ডেস্ক: মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর ও মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে।

চট্টগ্রাম, ঢাকা ও নোয়াখালী জেলার সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাতিয়ার অনেক লোকজন নোয়াখালী জেলা শহরে এসে আটকা পড়েছেন।

হাতিয়া থেকে চিকিৎসার জন্য কোনো রোগীকে জেলা সদরে আনা যাচ্ছে না, তেমনি জেলায় চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়া রোগীরাও বাড়িতে ফিরে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, সোমবার রাত থেকে হঠাৎ মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠে। এতে বঙ্গোপসাগর ও হাতিয়ার মেঘনা নদী উত্তাল হয়ে উঠে। সাগর ও নদীতে ১০-১২ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে থাকে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, ভোলা, নোয়াখালী, নিঝুম দ্বীপ রুটের সব ধরনের নৌচলাচল পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

তিনি জানান, হাতিয়ার ১০টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ গত ৮ দিন ধরে পানিবন্দি রয়েছেন। জোয়ারে উঠা পানি নামছে না। সরকার থেকে পাওয়া ৮০ টন চাল ইতোমধ্যে বণ্টন করে দেয়া হয়েছে। হাতিয়ায় শিশুখাদ্য, ওষুধ ও গোখাদ্যের তীব্র সংকট রয়েছে। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে।