সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এ সিদ্ধান্ত এলো।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (০৭ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর ওই কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণা করার পরপরই সমালোচনার মুখে পড়েন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। কারণ ঘোষিত কমিটিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মী ও সাবেক ছাত্রদল নেতাদের অবমূল্যায়ন করার অভিযোগ উঠে।
কমিটি ঘোষণার বিষয়টি জানতেন না দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গেও আলোচনা করা হয়নি এ কমিটি নিয়ে।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, অনেক পর্যালোচনা করে ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়েছে। এখন কমিটির কার্যক্রম স্থগিত করেছে। কমিটি স্থগিত করেনি।








