চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম থেকে দোহাজারীর রেল যাত্রীরা এতদিন মান্ধাতার আমলের একটি লোকাল ট্রেনে যাতায়াত করলেও প্রথমবারের মত পেতে যাচ্ছে নতুন একটি ডেমু ট্রেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী রেলওয়ে স্টেশনে এই রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।
ডেমু ট্রেনটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭ টায় পটিয়া ছেড়ে সকাল ৯ টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫ টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। সেখানে সন্ধ্যায় সাড়ে ৭টায় পৌঁছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০ টা ৪০ মিনিটে। ট্রেনটি পথে হাশিমপুর, কাঞ্চননগর, খাঁনহাট, খরনা, চক্রশালা, পটিয়া, খানমোহনা, ধলঘাট, বেঙ্গুরা, গোমদন্ডী, ষোলশহর স্টেশনে থামবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
এ উপলক্ষে শনিবার দুপুরে দোহাজারী রেলওয়ে ষ্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

বিভাগীয় প্রকৌশলী (পূর্ব) আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোসলেম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জাহাঙ্গীর হোসেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি আব্দুল হালিম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশিরউদ্দিন খান মুরাদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী প্রমূখ।








