নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের তিন ভুয়া ‘নিয়োগকর্তা’ গ্রেপ্তার

সিপ্লাস ডেস্ক: চাকরি প্রত্যাশী বেকার যুবকদের চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পদে নিয়োগ দেন। বিনিময়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। এমন একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ২১১ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্দরের কর্মকর্তা পরিচয় দেওয়া রেজাউল করিমকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম (৪৪)। সিরাজগঞ্জ জেলার সিরাজী রোডের মো. আবদুল হামিদের ছেলে জহুরুল ইসলাম (৩৭) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. আব্দুস সহিদ (২৯)।

তাদের অপরাধের বিষয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, আসামিরা দেশের বিভিন্ন অঞ্চলে থেকে বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে কৌশলে টাকা হাতিয়ে নেয়। তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া নিয়োগপত্র সৃজন করে। একই সঙ্গে নিজদের বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেয়। সৃজিত নিয়োগপত্র প্রার্থীর হাতে দেওয়ার আগেই মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় চক্রটি। তিন আসামিকে গ্রেপ্তারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।