নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চাপায় ট্রাক চালকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটিতে কন্টেইনার চাপায় মো. খোকন নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৮মে) দুপুর বারোটার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে একটি কন্টেইনার উঠানোর সময় ছিঁড়ে খোকনের উপর পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দরে শ্রমিকদের জন্য নির্ধারিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

৪০ বছর বয়সী মো. খোকন বন্দর থানাধীন পশ্চিম গোসালডাঙ্গা এলাকার ভেজাশাহ্ রোডের বাসিন্দা। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া।

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বেলা বারোটার দিকে বন্দরের ৪ নম্বর জেটিতে ক্রেন থেকে একটি কন্টেইনার ছিঁড়ে খোকনের উপর পড়ে। এতে বন্দর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করবে বলে জানান ওসি নিজাম উদ্দিন।