নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্যের নামে শুল্কমুক্ত সুবিধার চালানে আসা সিগারেটের চালান আটক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্য ঘোষণায় আনা সিগারেটের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার রেজাউল করিম বৃহস্পতিবার (১২ নভেম্বর) চালানটি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার সাভারের ডিইপিজেডের (পশ্চিম) ঠিকানার হপ-ইক (Hop-Yick) লিমিটেডের নামে চীন থেকে পোশাক শিল্পের উপকরণ ঘোষণায় সাড়ে ১৮ মেট্রিক টন পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। পণ্য খালাসের লক্ষ্যে আমদানিকারক চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়ার চান্দু ম্যানশনের সিঅ্যান্ডএফ এজেন্ট চান্দু করপোরেশনকে মনোনয়ন দেয়। প্রতিষ্ঠানটি গত ৩ নভেম্বর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি (নম্বর সি-২০০৪৮২) দাখিল করে।

শুল্কমুক্ত সুবিধায় পোশাক শিল্পের কাঁচামাল আমদানির কথা থাকলেও বাস্তবে এ চালানে পাওয়া যায় বিদেশি বিভিন্ন ব্রান্ডের সিগারেট। বৈদেশিক মুদ্রা আহরণের সবচেয়ে বড় খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের কাঁচামালগুলো শুল্কমুক্তভাবে দ্রুত খালাস দেওয়া হয়। এ সুযোগের অপব্যবহার করে পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় নিয়ে আসে সিগারেট। গোপন সংবাদের ভিত্তিতে (এআইআর) ও কাস্টমস গোয়েন্দারা কনটেইনারটি আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া এবং জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।