সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে বাঁধা ‘এমভি মাউন্ট কেলেট’ কনটেইনার জাহাজের গিয়ারের (ক্রেন) ওয়্যার ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার (১৭ জুন) সকাল ৮ টার দিকে ক্রেনটি হঠাৎ করে জেটিতে থাকা একটি লরিতে (কনটেইনারবাহী লম্বা গাড়ি) থাকা কনটেইনারের ওপর পড়ে।
বন্দরের একজন কর্মকর্তা জানান, বন্দরের নৌ প্রকৌশল বিভাগ, জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল বাংলাদেশ লিমিটেড, জাহাজের পাইলট, প্রকৌশলী ও বার্থ অপারেটরের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
বন্দর সূত্রে জানা গেছে, ৯ জুন হংকংয়ের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম এসেছিল। বুধবার (১৭ জুন) জাহাজটি রপ্তানি পণ্য বোঝাই কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে জাহাজের বুম আপ করা গিয়ার জেটিতে পড়ে যাওয়ায় জাহাজটি যেতে পারেনি।

