Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বন্দরের ঝুঁকিপূর্ণ দ্রব্য সরিয়ে ফেলার সুপারিশ

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরে মজুদ বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্য দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার কমিটির বৈঠকে লেবাননের রাজধানী বৈরুতে বন্দরের গুদামে ভয়াবহ বিস্ফোরণের বিষয়টি নিয়ে আলোচনার পর এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে অনেক লোক মারা যায়।

“চট্টগ্রাম বন্দর ও তার আশপাশ এলাকায় এমন কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে।“

বৈরুতের বন্দর এলাকার গুদামে সাত বছর ধরে পড়ে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের গুদামে ৪ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়; বন্দর এলাকার সাইলোতে মজুদ বিপুল পরিমাণ খাদ্যশস্যও নষ্ট হয়ে যায়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সঙ্কটের মধ্যে সংঘটিত এই বিস্ফোরণের পর বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে লেবানন সরকারকে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চট্টগ্রাম বন্দরে মজুদ থাকা বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুক সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে এ দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

এদিকে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) আধুনিকায়ণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি প্রকল্পগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ- প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর অংশ নেন।