নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে বড় ক্লিংকার জাহাজ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে ২০ হাজার ৪২১ টন ক্লিংকারসহ বড় জাহাজ বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি জাহান ব্রাদার্স’

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কর্ণফুলী নদীর ক্লিংকার জেটিতে জাহাজটি ভিড়ে।

হাইডেলবার্গ সিমেন্ট কারখানার কাঁচামাল নিয়ে ১৮৫ দশমিক ৮৪ মিটার লম্বা এবং ৮ দশমিক ২০ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটি জেটিতে আনার সময় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বন্দরে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বড় জাহাজটি বার্থিংয়ের সময় পরিচালনার দায়িত্বে ছিলেন বন্দরের সিনিয়র দুইজন পাইলট- ক্যাপ্টেন রহমত উল্লাহ ও ক্যাপ্টেন কামরুল। জাহাজটি চ্যানেলে ঘোরানোর কাজে বন্দরের শক্তিশালী দুইটি টাগবোট, দুইটি পাইলট ভ্যাসেল সহায়তা করে।

আগে ১৬১ মিটার দীর্ঘ সিমেন্ট ক্লিংকার জেটিতে ১৬১ মিটার দীর্ঘ ৯ দশমিক ১৪ মিটার ড্রাফটের জাহাজ এবং ১৭০ মিটার দীর্ঘ ৮ দশমিক ৬ মিটার ড্রাফটের জাহাজ বার্থিং করার বিধান ছিল। বন্দরের প্রধান জেটি হিসেবে বিবেচিত সিসিটি, এনসিটিতে সাড়ে ৯ মিটার ড্রাফটের ১৯০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়তে পারে।

এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম, হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম, জাহাজের মালিক এসআর শিপিংয়ের এজিএম মুবিনুর রহমান চৌধুরীসহ হাইডেলবার্গ সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।