সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের দুই নাবিক অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে আন্তর্জাতিক নিয়মে নিজ দেশে ইউক্রেনে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাহাজটির স্থানীয় এজেন্ট।
বন্দর ও চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘এমভি এপি অ্যাস্টেরা’নামক জাহাজটি বন্দরের আলফা অ্যাংকরেজ এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একজন নাবিকের নিজের কেবিন থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন নাবিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে বোটে করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজের কেবিনে মারা যাওয়া নাবিকের লাশ গতরাতে তার কেবিনেই ছিল। আজ শুক্রবার লাশ নামিয়ে ময়নাতদন্ত করার কথা। অপরদিকে চমেক হাসপাতালে মারা যাওয়া সেকেন্ড ইঞ্জিনিয়ারের লাশ হাসপাতালে রয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট শোরলাইন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন টুটুল বাংলানিউজকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে বিদেশি জাহাজের দুই নাবিক মারা গেছেন। আন্তর্জাতিক নিয়মে মরদেহ ময়নাতদন্ত করে ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।
বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, একটি বিদেশি জাহাজের দুইজন নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি জাহাজটির স্থানীয় এজেন্ট দেখভাল করছেন।

