নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে কবে?

চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে কবে?
ছবি: সিপ্লাসবিডি.নেট

সিপ্লাস প্রতিবেদক: দেশের বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশের এক সপ্তাহেরও বেশি সময় পর বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। নমুনা পরীক্ষার মূল্য ও ল্যাব স্থাপনের সময় বিবেচনায় নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব ল্যাব অনুমোদন দিয়েছে। এসব বেসরকারি ল্যাবে প্রবাসী ও বিদেশগামীরা সর্বনিম্ন এক হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার ৩০০ টাকায় নমুনা পরীক্ষা করাতে পারবেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

দেশের মোট তিনটি বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে কখন আরটি পিসিআর ল্যাব স্থাপন হবে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই জানেন না। তাদের কাছে এই ব্যাপারে কোন নির্দেশনা এখনো আসেনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কবে নাগাদ আরটি পিসিআর ল্যাব চালু হবে জানতে সিপ্লাস প্রতিবেদক  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঢাকা বিমানবন্দরে সাতটি ল্যাব স্থাপনের অনুমোদন দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোন নির্দেশনা আসেনি। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা,স্বাস্থ্য অধিদপ্তর কিংবা বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোন নির্দেশনা আমরা পাইনি ।

তিনি আরও বলেন, ঢাকা বিমানবন্দরে ল্যাব স্থাপন হওয়ার পর সম্ভবত চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হতে পারে। তবে এই ব্যাপারে কোন নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করতে পারেন নি তিনি।তবে চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন না হলে যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হবে এই ব্যাপারে তিনি একমত পোষন করেন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি ল্যাব স্থাপন করে সারা দেশের বিদেশ যাত্রীদের আরটি পিসিআর টেস্টের চাহিদা মেটানো সম্ভব কিনা এই ব্যাপারে সংশ্লিষ্ট সবাই সন্দিহান।

তাছাড়া, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জায়গার বিদেশ যাত্রীদের সবাইকে যদি ঢাকা বিমানবন্দর হয়ে বিদেশে যেতে হয় তাহলে তাদের কমপক্ষে তিনদিন আগে ঘর থেকে যাত্রা শুরু করতে হবে। ফ্লাইট শিডিউলের সাথে মিলিয়ে আটচল্লিশ ঘন্টা আগে পিসিআর টেস্ট করতে হবে যাত্রীদের।

যাত্রীদের বিদেশযাত্রা সহজ করতে হলে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরেও অতি শীগ্রই পিসিআর ল্যাব স্থাপনের কোন বিকল্প নেই।

এ ব্যাপারে জানতে জনশক্তি কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক জহিরুল আলম মজুমদারের মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি সিপ্লাস প্রতিবেদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here