Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস উল্টে খাদে পড়ে আহত ৩০

ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নববাক ফোরামের শিক্ষার্থীবাহী একটি বাস খাদে পরে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি থেকে প্রতিদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে দুইটি বিআরটিসির বাস ছেড়ে যায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফটিকছড়ি বিবিরহাট থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুকুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিলে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়।

এলাকাবাসী ও পথযাত্রীদের সহযোগিতায় শিক্ষার্থীদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ২৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গুরুতর আহত হওয়ায় বাকিদের উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নববাক ফোরামের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সিপ্লাসকে বলেন, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা আমাদের বহনকারী বিআরটিসির বাসটি মনিয়াপুকুরের চেয়ারম্যান ঘাটায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিলে পড়ে যায়।

তিনি বলেন,আমরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক ভাবে লক্কর ঝক্কর বাস গুলো পরিবর্তন করে দেওয়ার জন্য বলে আসলেও তারা কর্ণপাত করছেন না। কিছুদিন আগেও বাসের গ্লাস ভেঙ্গে একজন শিক্ষার্থীর চোখে পড়ে গুরুতর আহত হয়েছে। তাই আমাদের দাবি একটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আমাদের গাড়িগুলো পরিবর্তন করে দিয়ে নতুন গাড়ি দেন।